চোটে আঘাত পাওয়া মাথিশা পাথিরানার জায়গায় ২৫ বছর বয়সী ফাস্ট বোলার দিলশান মাদুশঙ্কাকে শ্রীলঙ্কা দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন (১৮ ফেব্রুয়ারি) এই খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। অবশ্য দুই দলই ইতোমধ্যে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাল্লেকেলেতে খেলার সময় নিজের প্রথম ওভারের চতুর্থ বল করার পর বাম পা চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন পাথিরানা। মাঠের বাইরে নেওয়ার পর তিনি ওই ইনিংসে আর বোলিং করতে পারেননি। এর পর স্ক্যানে দেখা যায় তার পায়ের পেশিতে টান ধরা পড়েছে, সুস্থ হতে কয়েক সপ্তাহ লাগতে পারে।
শ্রীলঙ্কার ব্যাটিং কনসালট্যান্ট বিক্রম রাঠোর বুধবার (১৮ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে (আজ) ম্যাচের আগে চোটের গুরুতরতা নিশ্চিত করে বলেন, ‘আমার মনে হয় তাকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হবে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।’
পাথিরানা শ্রীলঙ্কার সেরা ডেথ বোলারদের একজন। তার বদলি মাদুশঙ্কা সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে পাল্লেকেলেতে টি-টোয়েন্টি খেলেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩১.৮৬ গড়ে নিয়েছেন ১৫টি উইকেট। পাথিরানার অভাব পূরণ করা মাদুশঙ্কার জন্যে বড় চ্যালেঞ্জ হবে, তা বলাই যায়। তবে আশার বিষয় হলো - ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনি ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের একজন ছিলেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে পাল্লেকেলেতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে ইংল্যান্ডের, এরপর খেত্তারামায় নিউজিল্যান্ডের এবং আবার পাল্লেকেলেতে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে।