সব মিলিয়ে অভিষেক শর্মার বর্তমান সময়টা মোটেই ভালো যাচ্ছে না। শেষ ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে ৫টিতেই রানের খাতা তুলতে ব্যর্থ হয়েছেন তিনি, যা এক মৌসুমে ভারতের হয়ে সর্বোচ্চ সংখ্যক ডাক ইনিংসের রেকর্ড।
দ্বিপক্ষীয় সিরিজে রানবন্যা বইয়ে দিলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন একেবারেই অচেনা অবস্থা অভিষেকের। প্রথম তিন ম্যাচেই তিনি একেবারে ‘ডাক-মেশিনে’ পরিণত হয়েছেন। নিজের অভিষেক ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শূন্য রানে ফিরেছেন, পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৪ বল খেলেও কোনো রান তুলতে পারেননি, আর গতকাল নিয়ম রক্ষার ম্যাচে তুলনামূলক দুর্বল দল নেদারল্যান্ডসের বিপক্ষে তিন বল খেলার পরও ডাক মারেন তিনি।
ফলে বিশ্বকাপের মত বড় আসরে প্রথম তিন ম্যাচে টানা শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়ে ফেলেছেন এই বাঁহাতি ওপেনার। ইতিহাসে এর আগে ২০১০ সালে কুড়ি ওভারের বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে ফিরেছিলেন ইমরুল কায়েস। অভিষেক প্রায় ১৬ বছর পর সেই রেকর্ডকে অতিক্রম করে নিজের নাম লেখালেন!
ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডও গড়েছেন অভিষেক। আশিস নেহরার ২টি শূন্য ইনিংসের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন তিনি। তবে বিশ্বকাপ ইতিহাসে তিনটি শূন্য ইনিংসের কীর্তি আগে থেকেই আছে বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম এবং উগান্ডার রজার মুকাসাও।
সব মিলিয়ে বেশ খারাপ সময় পার করছেন অভিষেক শর্মা। তার শেষ ৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে ৫টিতেই ডাক মেরেছেন তিনি। যা এক মৌসুমে ভারতের হয়ে সর্বোচ্চ।