আফগানিস্তান ক্রিকেটে শেষ হতে যাচ্ছে জোনাথন ট্রট অধ্যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কানাডার বিপক্ষে ম্যাচটিই হবে তার অধীনে দলের শেষ লড়াই। দায়িত্ব ছাড়ার ঘোষণা আসতেই বিদায়ী কোচকে কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রশিদ জানান, বিশ্বকাপ শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও পরে আইপিএল থাকলেও দলের জন্য সবচেয়ে আবেগঘন বিষয় ট্রটের বিদায়। রশিদের ভাষায়, ‘আগামীকাল জোনাথন ট্রটের আমাদের সঙ্গে শেষ ম্যাচ। তার সঙ্গে আমরা অসাধারণ কিছু সফর ও ম্যাচ কাটিয়েছি। আফগান ক্রিকেটকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে তিনি বড় ভূমিকা রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘ট্রট প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন এবং দলকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা সবাই তাকে খুব মিস করব।’
ট্রটের অধীনে আফগানিস্তান শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিক লড়াই করার মানসিকতা গড়ে তুলেছে। দলে এসেছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও কৌশলগত পরিপক্বতা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের আরও প্রস্তুত করতে চায় আফগানিস্তান।