দেশের ক্রিকেটাঙ্গনে চলমান অস্থিরতার মধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (রোববার) দুপুর ১টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে বোর্ড পরিচালকদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়া সফরে থাকা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেখান থেকেই বৈঠকে যুক্ত হবেন।
বর্তমানে দেশের ক্রিকেটকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার বিষয়টি পুরোনো হলেও নতুন করে তা সামনে এসেছে। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সম্প্রতি মন্তব্য করেন, বিশ্বকাপে খেলতে না পারায় ক্রিকেটারদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল; এমনকি দু’জন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন বলেও তিনি দাবি করেন। তার এই মন্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে বোর্ড পরিচালকদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যও সামনে এসেছে। বিসিবির টুর্নামেন্ট কমিটির কার্যক্রমে অন্য বিভাগের এক পরিচালকের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বলেও জানা গেছে। পাশাপাশি সভাপতি বুলবুলের অস্ট্রেলিয়া সফর নিয়েও বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে।
এমন প্রেক্ষাপটে ডাকা এই সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বোর্ড সূত্রে জানা গেছে, বৈঠকের এজেন্ডায় রয়েছে - আসন্ন নারী বিপিএল আয়োজন নিয়ে আলোচনা ও সম্ভাব্য চূড়ান্ত সিদ্ধান্ত। পাশাপাশি জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক নিয়োগের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
চলমান বিতর্ক ও প্রশাসনিক অস্থিরতার মধ্যে আজকের এই বৈঠক থেকে কী বার্তা আসে, সেদিকেই এখন নজর দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের।