চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট চলছে উত্তেজনা, প্রত্যাশা, আর চিরচেনা ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথের। কিন্তু ম্যাচ শেষ হতে না হতেই সেটি রূপ নেয় এক অপ্রত্যাশিত নাটকে। মাঠে ৭৬ রানের বিশাল ব্যবধানে ভারতের পরাজয়, আর মাঠের বাইরে ‘কাপকেক’ বিতর্ক! সব মিলিয়ে এক বিস্ফোরক অধ্যায়।
ভারত জাতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরেছে, যা নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের রেকর্ড। এর আগে কখনোই ৫০ বা তার বেশি রানে হারেনি তারা। সুপার এইটের এই হার তাই শুধু একটি ম্যাচ হার নয়; পরিসংখ্যানের পাতায় লাল দাগ টেনে দেওয়া এক দুঃস্বপ্ন।
এই বড় হারের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। কাঠগড়ায় দাঁড়ায় বিশ্বকাপের সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টস। ম্যাচের আগে প্রকাশ করা একটি প্রমো ভিডিও ঘিরে শুরু হয় তুমুল সমালোচনা, যা পরে প্রতিষ্ঠানটিকে তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য করে।
সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কয়েক দিন আগে প্রকাশিত ওই প্রমোতে দেখা যায়, একটি ক্যাফেতে ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সমর্থক শেষ কাপকেকটি নিতে এগিয়ে যাচ্ছেন। দ্রুত সেটি তুলে নেন দক্ষিণ আফ্রিকার সমর্থক। জবাবে ভারতীয় সমর্থক তাকে ২০২৪ বিশ্বকাপ ফাইনালের হারের কথা মনে করিয়ে বিদ্রূপ করেন। বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ‘চোকার’ তকমাও তুলে ধরা হয় সেই ভিডিওতে।
কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা–এর ডাকনাম ‘কাপকেক’। ফলে ‘কাপকেক’ নিয়ে রসিকতাকে অনেক দক্ষিণ আফ্রিকান সমর্থক অপমানজনক হিসেবে দেখেন। শুধু তারাই নন, বহু ভারতীয় সমর্থকও প্রশ্ন তোলেন - হাইপ আর ভিউ বাড়ানোর দৌড়ে কি প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সম্মানবোধ হারিয়ে ফেলেছে সম্প্রচার সংস্থা?
সামাজিক যোগাযোগমাধ্যমে #CupcakeGate হ্যাশট্যাগে শুরু হয় তীব্র আলোচনা। ভারতের পরাজয়ের পর দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি মন্তব্য করে, ‘কাপকেক বিজ্ঞাপন’ এখন ভারতের জন্য এক দুঃস্বপ্ন।
তবে গল্পের শেষ দৃশ্যটি আরও নাটকীয়। দক্ষিণ আফ্রিকান অভিনেতা ও ইনফ্লুয়েন্সার থানজা ভুর একটি পাল্টা ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি তৃপ্তি নিয়ে একটি কাপকেক খাচ্ছেন, পাশে টিভি স্ক্রিনে ভেসে উঠছে ভারতের হারের স্কোরকার্ড। ক্যাপশনে লেখা - “So sweet!”
মাঠের লড়াই শেষ হলেও, ‘কাপকেক’-এর স্বাদ যে অনেক দিন পর্যন্ত তিক্ত-মিষ্টি আলোচনায় ভাসবে, তা বলাই যায়। (ভিডিও লিংক - https://x.com/theskindoctor13/status/2025625714406658529?s=20)