বিশ্বজুড়ে ক্রিপ্টো উত্থানের ঢেউ বিটকয়েন ছুঁলো ১.২০ লাখ ডলারের ঐতিহাসিক রেকর্ড। বিনিয়োগকারীদের উল্লাস, বিশেষজ্ঞরা বলছেন আরও উর্ধ্বগতির সম্ভাবনা।
সোমবার (১৫ জুলাই) রেকর্ড ছুঁয়ে ইতিহাস গড়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত ডিজিটাল মুদ্রা বিটকয়েন। দিনটিতে এর মূল্য দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ৫৩১ মার্কিন ডলার, যা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমানা পেরোল এই ক্রিপ্টোকারেন্সি। তবে মঙ্গলবার সকালেই দাম কিছুটা হ্রাস পেয়েছে। যদিও তা বিটকয়েনের শক্তিশালী ধারাকে থামাতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।
এক বছরে বেড়েছে ১০৬%, পাঁচ বছরে ১,৬৯০%!
সোমবার বিটকয়েনের দাম বেড়েছে ৩ শতাংশ। এক সপ্তাহে এর বৃদ্ধি ১০ শতাংশের বেশি এবং এক মাসে প্রায় ১৬.৫ শতাংশ। গত ছয় মাসে বেড়েছে প্রায় ২৯ শতাংশ। আর গত এক বছরে দাম বেড়েছে ১০৬ শতাংশ, অর্থাৎ দ্বিগুণ। পাঁচ বছরে বিটকয়েনের দাম বেড়েছে রেকর্ড ১ হাজার ৬৯০ শতাংশ।
বাজারমূলধনে শীর্ষে, পেছনে ফেলে অ্যামাজন-গুগলকে
মূল্যবৃদ্ধির ফলে সোমবার বিটকয়েনের বাজার মূলধন পৌঁছে যায় ২ লাখ ৪১ হাজার কোটি ডলারে। এ তথ্য অনুসারে, এটি বর্তমানে বিশ্বের পঞ্চম সবচেয়ে মূল্যবান সম্পদ। এমনকি বাজারমূলধনের দিক থেকে বিটকয়েন অ্যামাজন ও গুগলকেও ছাড়িয়ে গেছে। এদিন বিটকয়েনের লেনদেনও বেড়েছে ৩৩.১২ শতাংশ, যা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্রমবর্ধমান চাহিদার ইঙ্গিত দেয়।
শুধু বিটকয়েন নয়, বাড়ছে ইথেরিয়ামও
বাজারের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের মূল্যও বেড়েছে ৩.২৮ শতাংশ। বর্তমানে এর দাম ৩ হাজার ৫৫ মার্কিন ডলার।
প্রাতিষ্ঠানিক চাহিদাই মূল চালিকা শক্তি
বিশ্লেষকরা বলছেন, বড় বড় বিনিয়োগকারী সংস্থাগুলো এক্সচেঞ্জ থেকে বিপুল পরিমাণ বিটকয়েন তুলে নিচ্ছে, যার ফলে বাজারে সরবরাহ কমে যাচ্ছে। এতে মূল্য বাড়ছে দ্রুতগতিতে।
ট্রাম্প প্রশাসনের ভূমিকা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর মার্চে এক নির্বাহী আদেশে ‘ক্রিপ্টোকারেন্সির কৌশলগত রিজার্ভ’ গঠনের নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি নিয়োগ দিয়েছেন ক্রিপ্টো-সমর্থক শীর্ষ কর্মকর্তাদের। এদের মধ্যে রয়েছেন এসইসির নতুন চেয়ারম্যান পল অ্যাটকিনস এবং হোয়াইট হাউসের প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ডেভিড স্যাক্স। ট্রাম্প পরিবারের নিজস্ব ব্যবসাও ক্রিপ্টো জগতে প্রবেশ করেছে। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ সম্প্রতি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে প্রস্তাব জমা দিয়েছে বিটকয়েনসহ একাধিক টোকেনে বিনিয়োগের জন্য একটি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর বিষয়ে।
কি থাকবে ভবিষ্যতে?
অনেক বিশ্লেষকের মতে, আগামী কয়েক সপ্তাহে বিটকয়েনের মূল্য ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ডলারের মধ্যে থাকতে পারে। যদিও বড় ধরনের মূল্যবৃদ্ধির পূর্বাভাস এখনই দিচ্ছেন না কেউ।
বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীরা আপাতত বড় কোনো বাজিতে যাচ্ছেন না। অনিশ্চয়তার সূচক স্থিতিশীল এবং ডলার সূচকের শক্তিশালী অবস্থান ইঙ্গিত দেয়, বিটকয়েন কিছুদিন স্থিতিশীল থাকবে। তবে এ স্থিরতার পরেই আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে বলে মত দিয়েছেন বাজার পর্যবেক্ষকরা।