ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিলেও আটকে গেল বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজটি শুক্রবার (১৭ এপ্রিল) রাতে প্রণালিতে প্রবেশ করে। কিন্তু শেষ মুহূর্তে ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বাধার মুখে পড়ে। ফলে দীর্ঘ প্রতীক্ষার পরও জাহাজটি ওমান সাগরে বের হতে না পেরে আবারও পারস্য উপসাগরের নিরাপদ আশ্রয়ে ফিরে যাচ্ছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্যমতে, শুক্রবার বিকেলে ইরান সরকার বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়। এই খবরের পর পারস্য উপসাগরে আটকে থাকা কয়েক শ জাহাজ পূর্ণ গতিতে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে। এই সারির শুরুর দিকেই ছিল বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছিল। আশা করা হয়েছিল, মধ্যরাত ৩টার দিকে এটি প্রণালি পার হয়ে ওমান সাগরে প্রবেশ করবে। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ইরানি নৌবাহিনী ও আইআরজিসি রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। তারা জানায়, আইআরজিসির বিশেষ অনুমতি ছাড়া কেউ এই প্রণালি পার হতে পারবে না।
তিনি এই ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে আরও জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর অনুমতি চেয়ে কোনো নেতিবাচক বার্তা না পাওয়ায় সবাই ভেবেছিল পথটি উন্মুক্ত। জয়যাত্রার সঙ্গে প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ এগিয়ে যাচ্ছিল, যাদের সবাইকে একইভাবে আটকে দেওয়া হয়েছে।
জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে তারা রওনা হয়েছিলেন। কিন্তু ইরানের বাহিনী অনুমতি দেয়নি। ফিরে যাওয়ার নির্দেশনা পাওয়ার পর তারা এখন পারস্য উপসাগরে ফেরত যাচ্ছেন।
গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছে ‘বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে বর্তমানে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে লোড করা প্রায় ৩৭ হাজার টন সার রয়েছে, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নিয়ে যাওয়ার কথা। এর আগে গত ১১ মার্চ এবং যুদ্ধবিরতি ঘোষণার পর ৮ এপ্রিল—দুই দফায় জাহাজটি ফেরার চেষ্টা করে ব্যর্থ হয়। এটি ছিল জাহাজটির তৃতীয় দফার ব্যর্থ চেষ্টা।
জাহাজে বর্তমানে ৩১ জন নাবিক রয়েছেন। বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, নাবিকরা সবাই সুস্থ ও নিরাপদ আছেন। দীর্ঘ সময় আটকে থাকায় তাদের মনোবল অটুট রাখতে খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে এবং বেসিক বেতনের সমপরিমাণ যুদ্ধকালীন অ্যালাউন্স দেওয়া হচ্ছে। এ ছাড়া জাহাজে খাবার ও পানির পর্যাপ্ত মজুত থাকলেও রেশনিং করে পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয় বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’। ৩৯ হাজার টন ধারণক্ষমতার জাহাজটি নির্মাণ করে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)। চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে জাহাজটি কেনা হয়েছিল।