দেশের বাজারে আবারও সোনার দাম নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ নতুন এ দাম বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এদিন সকালে এক বৈঠকের পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার প্রভাবে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে উল্লেখ করে বাজুস জানিয়েছে, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বাজুস। সেই সঙ্গে তারা বলেছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য এবং বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে গত ১৫ জুন দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা। তবে তার সঙ্গে গ্রাহকদের পাঁচ শতাংশ হারে ভ্যাট দিতে হতো। সেই হিসাবে এবার ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা দাম কমেছে। কারণ এবার ভ্যাট যুক্ত করে দাম ঘোষণা করেছে বাজুস।
সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৬ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস, যেখানে ৪০ বারই দাম বাড়ানো হয়েছে। বাকি ৩৬ বার দাম কমেছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমেছিল দাম।