দেশের সব প্রকার জ্বালানি তেলের দাম দুই টাকা করে কমিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রলের ১২০ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ থেকে দুই টাকা কমিয়ে ১১৪ টাকায় পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। এসব দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের মার্চ মাস থেকে সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা বিবেচনা করে প্রতি মাসের শেষে পরবর্তী মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হয়।