ছয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বিকেল ৪টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ ৬২ হাজার ১৮৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫০ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সকালে এক বিজ্ঞপ্তিতে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস।