সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র দুবাইয়ে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সিএনএন কর্মীরা জানিয়েছেন। এর মধ্যে চারটি বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে এই বিস্ফোরণগুলো সরাসরি হামলা থেকে হয়েছে নাকি আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কোনো লক্ষ্যবস্তুকে রুখে দেওয়ার কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুবাই আমিরাতের অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র হলেও সেখানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই।
সিএনএনের এক কর্মীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, দুবাইয়ের গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিপিং ও লজিস্টিক হাব জেবেল আলি বন্দরের কাছের এলাকা থেকে ধোঁয়া উঠছে।
সিএনএনের হাতে আসা আরেক ভিডিওতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে কোনো লক্ষ্যবস্তুকে মাঝ আকাশে ধ্বংস করার মতো দৃশ্য দেখা গেছে।