ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) চালানো মার্কিন-ইসরায়েলি হামলায় দেশটির শীর্ষ রাজনৈতিক নেতা ও সেনাপ্রধান নিহত হওয়ার খবর অস্বীকার করেছে ইরানি বার্তা সংস্থা ফার্স।
ইরানের প্রেসিডেন্টের নির্বাহী ডেপুটি মোহাম্মদ জাফর কায়েমপানাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
অন্যদিকে প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন, ‘এ যাত্রায় তাদের গুপ্তহত্যার চেষ্টা সফল হয়নি।’
ইরানের সেনাবাহিনী তাদের প্রধান মেজর জেনারেল আমির হাতামির মৃত্যুর খবরও প্রত্যাখ্যান করেছে।
এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ক্যালিবাফ এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি অক্ষত রয়েছেন।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছিল, তেহরানে তাদের হামলাগুলো এমনসব স্থানে চালানো হয়েছে, যেখানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা ব্যক্তিত্বরা সমবেত হয়েছিলেন।