ইরানের বেশিরভাগ এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় এনবিসি নিউজে সরাসরি যুক্ত হয়ে সাক্ষাৎকার দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেছেন, শনিবারের (২৮ ফেব্রুয়ারি) হামলায় ইরান ‘এক বা দুজন কমান্ডারকে হারিয়ে থাকতে পারে’।
তার জানামতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘বেঁচে আছেন’।
এখন পর্যন্ত ইরানি সংবাদমাধ্যমগুলো প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ‘নিহতের খবর’ অস্বীকার করে আসছে।
আরাগচি স্পষ্ট করেন, ইরান উত্তেজনা প্রশমনে আগ্রহী এবং তারা আলোচনার পথ খোলা রেখেছে। তবে শর্ত হলো—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে।
‘আমেরিকানরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায়, তাহলে তারা জানে, আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হয়,’ যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরাগচি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি একে ‘আত্মরক্ষা’ হিসেবে অভিহিত করেছেন।
তথ্যসূত্র: বিবিসি