মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ঘিরে পরস্পরবিরোধী খবরে। একদিকে ইসরায়েলি গণমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা নিহত হওয়ার দাবি করছে, অন্যদিকে ইরানের রাষ্ট্র-সম্পর্কিত সংবাদমাধ্যম বলছে তিনি জীবিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ‘জ্যেষ্ঠ’ ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন।
তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং মেহর নিউজ এজেন্সি এ দাবি নাকচ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ‘দৃঢ় ও অবিচলভাবে পরিস্থিতি পরিচালনা করছেন’ এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
এদিকে খামেনির কার্যালয়ের জনসংযোগ প্রধান ইসরায়েলি দাবিকে ‘মানসিক যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, দেশের শত্রুরা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
খামেনির মৃত্যু সংক্রান্ত দাবির পক্ষে এখনো স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে ইসরায়েল ও ইরানের বিপরীতমুখী অবস্থানে পরিস্থিতি আরও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।