ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি রয়েছেন।
একই সময়ে কুয়েতে একজন নিহত এবং ৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (১ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরান যে অভিযান শুরু করেছে, তার পরিপ্রেক্ষিতে দেশটি ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। হামলায় নিহত তিনজনের মধ্যে একজন পাকিস্তানের, একজন নেপালের এবং একজন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।
অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘অঞ্চলের চলমান পরিস্থিতির’ কারণে একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। আহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: সিএনএন, আল জাজিরা