কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সিএনএনের ভূ–অবস্থান যাচাই করা একটি ভিডিওতে এমন দৃশ্য ধরা পড়ে। সোমবার (২ মার্চ) ওই ভিডিওতে দেখা যায়, একটি যুদ্ধবিমানে আগুন লেগেছে। সে অবস্থায় এটি নিচে পড়ছে।
কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এ ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে বা কোন বিমানবাহিনীর তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এর আগে, কুয়েতে সোমবার সকালে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে রয়টার্সের এক খবরে জানা যায়। তবে এসব যুদ্ধবিমানের আরোহীরা জীবিত আছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উদ্ধার অভিযান চলছে। আরোহীদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।