ইসরায়েল জানিয়েছে, তাদের বাহিনী লেবানন জুড়ে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়ে বলেছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। হামলায় লেবাননের রাজধানী বৈরুতের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
এর আগে, লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডকে অবৈধ বর্ণনা করে সশস্ত্র এ গোষ্ঠীটিকে তাদের অস্ত্র হস্তান্তরের দাবি জানায়। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, আমরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করছি ও তাদের কার্যক্রমকে কেবল রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ করছি। আমাদের দাবি, সামরিক প্রতিষ্ঠানগুলো যেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।
তার আগে, লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়। সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে হতাহতের এ সংখ্যা জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণ-পূর্বের শহরতলি ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি শত্রুদের অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৩১ নাগরিক নিহত এবং ১৪৯ নাগরিক আহত হয়েছেন।
ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর লেবাননে এ হামলা হয়। লেবাননে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই আরও বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। সোমবার এক ভিডিও বক্তব্যে তিনি এ কথা বলেছেন। ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।