ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করছে।’
আইডিএফ এই হামলা বৈরুতের দক্ষিণাঞ্চলসহ ডজনখানেক গ্রামে বসবাসকারী মানুষদের উদ্দেশে ‘জরুরি সতর্কতা’ জারি করে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টা পর চালিয়েছে। আইডিএফ আরও জানিয়েছিল, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও মজুতঘরগুলোকে লক্ষ্য করছে।
এদিকে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত আল-মানার টেলিভিশনের দক্ষিণ বৈরুতের কার্যালয়ে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ওই হামলায় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সম্প্রচারক সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণ বৈরুতের একটি এলাকার কথা উল্লেখ করে টেলিগ্রামে আল-মানার লিখেছে, ‘হারেত হরিক এলাকায় আল-মানার চ্যানেল ভবনকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় টিভি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়।’