জাতিসংঘের পরমাণু কর্মসূচিবিষয়ক পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুসংগঠিত বা সমন্বিত কর্মসূচির প্রমাণ পাওয়া যায়নি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে মঙ্গলবার (৩ মার্চ) বলেন, সংস্থাটি ইরানে ‘পরমাণু অস্ত্র তৈরির জন্য কোনো সুশৃঙ্খল ও কাঠামোগত কর্মসূচির আলামত’ শনাক্ত করেনি।
একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা বেসামরিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি।
গ্রোসি বলেন, এই পর্যায়ের সমৃদ্ধকরণ ‘কেবল পরমাণু অস্ত্রধারী দেশগুলোর কাছেই থাকে’।
তিনি জোর দিয়ে বলেন, পরিদর্শকরা এখনই এই সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না যে, ইরান পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছে। তবে এই বিশাল মজুত নিয়ে প্রশ্ন উঠেছে।
পর্যবেক্ষক সংস্থার প্রধান আরও বলেন, এই সমৃদ্ধকরণই ছিল ‘আমাদের উদ্বেগের মূল উৎস’ এবং এই পর্যায়ে জ্বালানি জমা করার কোনো ‘স্পষ্ট উদ্দেশ্য’ খুঁজে পাওয়া যায়নি।
গ্রোসি জানান, ‘সেন্ট্রিফিউজগুলো অনবরত ঘুরছিল এবং একের পর এক সমৃদ্ধ উপাদান তৈরি করে যাচ্ছিল।’
তাত্ত্বিকভাবে এটি ‘১০টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট’ হতে পারত। তবে তিনি যোগ করেন, ”তাদের (ইরানের) কাছে কি সেগুলো আছে? উত্তর হলো ‘না’।”
তথ্যসূত্র: আল জাজিরা