ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত করা হবে’—শনিবার (৭ মার্চ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির জবাবে ইরান এখন হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে।
ইরানে ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যু’র জন্য যুক্তরাষ্ট্র নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে—ট্রাম্পের এমন বক্তব্যের পরপরই ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ‘ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তার এবং তাদের সরাসরি হত্যা করার হুমকি দিয়েছেন।’
‘এ কারণে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করছে, তারা এমনসব মার্কিন অঞ্চল, বাহিনী এবং সহযোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, যারা এখন পর্যন্ত ইরানি সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। শত্রুপক্ষ যদি কোনো হঠকারী পদক্ষেপ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন ওই কর্মকর্তা।
এ বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি বা এই বর্ধিত তালিকার লক্ষ্যবস্তুগুলোতে কবে নাগাদ হামলা শুরু হতে পারে, সে সম্পর্কেও কোনো ইঙ্গিত দেননি।