ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের উপ-প্রধান বলেছেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যদি তেহরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে সহায়তা না করে, তাহলে ইরান তাদের ওপর কোনো হামলা চালাবে না।
এই কর্মকর্তা বলেন, ‘যদি এই অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে আমরা তাদের ওপর আক্রমণ করব না।’
আট দিন আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য শনিবার (৭ মার্চ) ক্ষমা চান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘যেসব প্রতিবেশী দেশ আক্রান্ত হয়েছে, তাদের কাছে আমি ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করছি। প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা আমাদের নেই।’
ভিডিও বার্তায় পেজেশকিয়ান জানান, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি একটি বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এখন থেকে আগে আক্রান্ত না হলে প্রতিবেশী দেশগুলোতে কোনো ধরনের হামলা চালানো হবে না।
একই সঙ্গে পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেন, ‘যারা এই মুহূর্তে ইরানকে আক্রমণ করার সুযোগ হিসেবে দেখছেন, তারা যেন সাম্রাজ্যবাদের হাতের পুতুল না হন।’
ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন ‘সম্মান ও স্বাধীনতার পথ নয়,’ যোগ করেন ইরানি প্রেসিডেন্ট।
পেজেশকিয়ানের এই বার্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার পরই তার কার্যালয় থেকে ওই বিবৃতি এল।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া