জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী লারস ক্লিংবেল বলেছেন, “ইরান যুদ্ধ আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ কি না, তা নিয়ে আমার গুরুতর সন্দেহ আছে। আমরা এমন এক বিশ্বের দিকে ক্রমশ ধাবিত হচ্ছি, যেখানে কোনো নিয়ম নেই। এ মহা বিপদ। আমরা এমন পৃথিবীতে বাস করতে চাই না, যেখানে কেবল ‘জোর যার মুলুক তার’ নীতি কার্যকর হবে।”
জার্মান সংবাদমাধ্যম আরএনডিকে রোববার (৮ মার্চ) তিনি এ কথা বলেন।
জার্মানির ভাইস চ্যান্সেলরের এই মন্তব্যের প্রতিধ্বনি পাওয়া গেছে সুইজারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মার্টিন ফিস্টারের কণ্ঠেও।
স্থানীয় সোনটাগসজেইটুং পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।
সুইজারল্যান্ডের মন্ত্রিসভার বরাত দিয়ে ফিস্টার বলেন, ফেডারেল কাউন্সিল মনে করে, ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বেসামরিক জনগণকে রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি।
ফিস্টার স্পষ্ট করে বলেন, তিনি সেই সব দেশের কথা বলছেন, যারা সহিংসতার নিষেধাজ্ঞা মেনে চলছে না—যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও অন্তর্ভুক্ত।
তিনি বলেন, ‘আমেরিকান এবং ইসরায়েলিরা আকাশপথে ইরানে হামলা চালিয়েছে। এর মাধ্যমে ইরানের মতো তারাও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘হঠকারী ও অবৈধ’ বলে নিন্দা জানিয়েছে স্পেনও।
তথ্যসূত্র: আল জাজিরা