রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের আওতাধীন ভূমি অফিসগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে তথ্য সংগ্রহ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিরাপত্তা শঙ্কায় লালবাগ থানায় রোববার (৮ মার্চ) রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলাম।
জিডিতে তিনি অভিযোগ করেন, লালবাগ রাজস্ব সার্কেলের আওতাধীন ভূমি অফিসগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্যে সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেবাগ্রহীতাদের দাবি, ভূমি অফিসে কাজ করতে গেলে অনেক সময় তাদের দালালদের সঙ্গে নির্ধারিত চুক্তি করতে বাধ্য করা হয়। স্থানীয়দের অভিযোগ, শেখ আনোয়ারের নেতৃত্বে অন্তত ১০ জনের একটি চক্র ভূমি অফিসের সামনে অবস্থান করে সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার নামে দালালি করছে। তাদের প্রভাবের কারণে অনেক সময় ভূমি অফিসের কর্মকর্তারাও চাপে পড়েন বলে অভিযোগ রয়েছে।
ভূমি অফিসের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, শেখ আনোয়ার নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং টাকার বিনিময়ে তাদের কাজ করিয়ে দেওয়ার নামে দালালি করেন। তার সঙ্গে পারভেজ, রাসেল, রিয়াজ, সুমন, সাইফুল, রাশেদ ও জসিমসহ আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে। ওই কর্মকর্তা বলেন, এই চক্রের দৌরাত্ম্যে সেবাগ্রহীতারা অসহায় হয়ে পড়ছেন। তবে একাধিক সেবাগ্রহীতা আবার দালাল আনোয়ারের মাধ্যমে দ্রুত কাজ হওয়ায় তার প্রশংসাও করেছেন।
ভূমি অফিসের একটি সূত্র দাবি করেছে, শেখ আনোয়ার একটি ভুয়া সাংবাদিক সংগঠনের পরিচয় ব্যবহার করে বিভিন্ন কাজে তদবির করেন। অনেক সময় ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীদের ওপরও চাপ সৃষ্টি করেন। তার তদবির না শুনলে তিনি ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গত বৃহস্পতিবার লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরিফুল হকের কার্যালয়ে যান ভুক্তভোগী সাংবাদিক মো. জহিরুল ইসলাম। এ ঘটনার পর রোববার বিকেলে শেখ আনোয়ারের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১১-৩২৪৭১৭ থেকে ভুক্তভোগীর ব্যবহৃত ০১৭১১-৬৬৪৯২৩ নম্বরে কল করা হয়।
প্রথমে বিকেল ৩টা ৪৭ মিনিটে দুইবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। পরে বিকেল ৫টা ৪ মিনিটে তিনি ওই নম্বরে কল ব্যাক করলে ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে আনোয়ার পরিচয় দেওয়া ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন, তিনি কি সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে তারসহ কয়েকজন দালালের বিরুদ্ধে অভিযোগ করেছেন কিনা।
পরবর্তীতে ওই ব্যক্তি সাংবাদিকের সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তিনি বলেন, “আমি তোর বাপ।” এছাড়া দালালদের বিষয়ে খোঁজখবর নেওয়াকে কেন্দ্র করে ভবিষ্যতে এ বিষয়ে অনুসন্ধান বা তথ্য সংগ্রহ করলে তাকে ক্ষতি করা হবে বলেও হুমকি দেন।
এ ঘটনায় নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে সাংবাদিক মো. জহিরুল ইসলাম রাজধানীর লালবাগ থানায় একটি জিডি করেন।
জিডিতে মো. জহিরুল ইসলাম উল্লেখ করেন, ‘একজন সংবাদকর্মী হিসেবে জনস্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি এ ধরনের হুমকির মুখে পড়েছেন, যা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন।’
এ বিষয়ে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরিফুল হক বলেন, ভূমি অফিসে দালালদের প্রবেশ নিষিদ্ধ করে ইতোমধ্যে নোটিশ টাঙানো হয়েছে। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, সাংবাদিককে হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।