ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে গাজায় চলমান মানবিক পরিস্থিতিকে উপেক্ষা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মঙ্গলবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাজায় বসবাসকারী ২০ লাখের বেশি মানুষের দুর্দশাকে আমাদের দৃষ্টির বাইরে রাখা যাবে না। গাজায় মানবিক পরিস্থিতি এখনো অত্যন্ত সংকটাপন্ন।’
তিনি আরও জানান, অবরুদ্ধ ওই অঞ্চলে ত্রাণকর্মীদের প্রবেশের জন্য পর্যাপ্ত সুযোগ নেই।
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে যাওয়ায় নিন্দা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র-এর সঙ্গে আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।