মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১৬তম দিনে পাল্টা হামলা অব্যাহত রাখার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার করেছে ইরান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ অঙ্গীকার করে।
বিবৃতিতে বলা হয়, ‘এই শিশু হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) যদি বেঁচে থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করব এবং হত্যা করব।’
ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ইরান যুদ্ধ শুরুর কয়েকদিন পর থেকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। এনিয়ে জল্পনা-কল্পনার মধ্যে গত শুক্রবার তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করা হয়, যাতে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও তার এক হাতে ছয়টি আঙুল দেখা যায়।
ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তৈরি বলে দাবি করেন নেটিজেনরা। তারা প্রশ্ন তোলেন, নেতানিয়াহু যদি জীবিতই থাকেন, তবে তার ভিডিওতে এআইয়ের সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ল কেন?
সেই ভিডিওতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দেন এবং ইসরায়েলি সামরিক অভিযানের পক্ষ সমর্থন করেন।
হিব্রু ভাষায় নেতানিয়াহু বলেন, ‘আমরা কী পদক্ষেপ নিচ্ছি, তার বিস্তারিত আমি বলব না। আমরা ইরানের শাসনব্যবস্থা পতনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছি। তবে আমি এটা অস্বীকার করব না, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না ইরানের জনগণই এই শাসনের পতন ঘটাবে কি না। একটি শাসনের পতন ভেতর থেকেই ঘটে।’
তথ্যসূত্র: এনডিটিভি