ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই হয় খারগ দ্বীপ দিয়ে। আর সেখানেই হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এতে জ্বালানি অবকাঠামোর বড় কোনো ক্ষতি না হলেও ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে সেখানকার অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।
রোববার (১৫ মার্চ) এক নতুন হুমকিতে ট্রাম্প বলেন, তিনি ‘শুধু বিনোদনের জন্য’ আবারও ওই দ্বীপে হামলা চালাতে পারেন। ইরানের এই দ্বীপকে ‘মুকুটের মণি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
চীনের ওপর এর প্রভাব
ইরানের উপকূল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরের এই প্রবাল দ্বীপ দেশটির তেল রপ্তানির প্রধান টার্মিনাল।
যুদ্ধ শুরুর পর ইরান ১৩ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। সম্প্রতি অনেক ট্যাঙ্কারকে খারগ দ্বীপ থেকে তেল বোঝাই করতেও দেখা গেছে।
ইরান থেকে রপ্তানি হওয়া এই তেলের সিংহভাগই যায় বিশ্বে অপরিশোধিত তেলের শীর্ষ আমদানিকারক দেশ চীনে।
২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইরানের মোট তেল রপ্তানির ৯১ শতাংশই কেনে চীন। গত বছর চীন প্রতিদিন গড়ে ১ দশমিক ৩৮ মিলিয়ন ব্যারেল ইরানি তেল আমদানি করেছে।
মূলত চীনের শানডং প্রদেশের স্বাধীন তেল শোধনাগারগুলো এই তেলের মূল ক্রেতা।
সরবরাহ সংকটে বেইজিং
ইরান থেকে সরবরাহ ব্যাহত হলে এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলে বিশ্ববাজারে তেলের তীব্র সংকট দেখা দেবে। এনিয়ে চিন্তিত বেইজিং।
চীনের পেট্রোল পাম্পগুলোতে গাড়িচালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। চীন সরকার এরই মধ্যে খুচরা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে, যা ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ বৃদ্ধি।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে দেশটিতে জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বেড়েছে। সম্ভাব্য সংকট মোকাবিলায় চীন মার্চ থেকে পরিশোধিত জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছে।
হরমুজ প্রণালী নিয়ে ইরানের কৌশল
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ বহনকারী হরমুজ প্রণালী অবশ্যই বন্ধ রাখতে হবে।
তবে সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরান একটি শর্তে সীমিত সংখ্যক তেলের ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়ার কথা ভাবছে।
শর্তটি হলো—তেল কেনাবেচা মার্কিন ডলারের পরিবর্তে চীনা ইউয়ানে করতে হবে।
সাধারণত বিশ্বজুড়ে তেলের লেনদেন ডলারে হলেও বর্তমানে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে তারা রুবল বা ইউয়ানে লেনদেন করছে। এখন ইরানও সেই পথেই হাঁটতে চাইছে।
তথ্যসূত্র: এনডিটিভি