ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, 'এপস্টিন চক্রের' অবশিষ্ট সদস্যরা ৯/১১-এর মতো একটি বড় সন্ত্রাসী হামলার ছক কষছে, যার দায় ইরানের ওপর চাপানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার (১৫ মার্চ) দেওয়া এক পোস্টে লারিজানি এ দাবি করেন।
পোস্টে ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, এপস্টিন চক্রের অবশিষ্ট সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে। ইরান নীতিগতভাবে এ ধরনের সন্ত্রাসী পরিকল্পনার বিরোধী এবং মার্কিন জনগণের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই।’
লারিজানির এই মন্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত।
ইরানজুড়ে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এই সংঘাত চরম রূপ নেয়। হামলায় ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও ইরানি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইরানি নাগরিক।
পেন্টাগন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানজুড়ে ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পেন্টাগন ওই অঞ্চলে প্রায় ২ হাজার ৫০০ নৌসেনাসহ উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ মোতায়েন করেছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা আধুনিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী ঘটনা হিসেবে পরিচিত। আল-কায়েদার সঙ্গে যুক্ত ১৯ জন সদস্য যুক্তরাষ্ট্রের চারটি যাত্রীবাহী বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রায় ৩ হাজার মানুষ নিহত হন।
তথ্যসূত্র: এনডিটিভি