যুক্তরাষ্ট্র তার নিজস্ব পররাষ্ট্রনীতির ওপরেই নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি এই মন্তব্য করেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য তুলে ধরা হয়েছে।
নিবন্ধে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত নয় মাসে দুবার যুক্তরাষ্ট্র ও ইরান একটি বাস্তবসম্মত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছিল।’
তিনি আরও বলেন, ‘২৮ ফেব্রুয়ারি সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাত্র কয়েক ঘণ্টা পরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবারও সম্ভাব্য শান্তির ওপর অবৈধ সামরিক হামলা চালায়, এটি ছিল হতবাক করার মতো, তবে অপ্রত্যাশিত নয়।’
ইরানের পাল্টা হামলা দুঃখজনক ও অগ্রহণযোগ্য হলেও অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। আলবুসাইদি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংসের যুদ্ধের মুখে ইরানের জন্য এটি সম্ভবত একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘এই যুদ্ধে জড়িয়ে পড়াই ছিল মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভুল হিসাব। এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, এবং এমন কোনো সম্ভাবনা নেই যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে।’