লেবাননের বৈরুতের গেইতাউই এলাকায় 'দ্য গ্রেট ওভেন' নামে একটি সংস্থা পরিচালনা করেন নূর মাত্রাজি। সেখানে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বাস্তুচ্যুত মানুষদের খাবার, তোশক ও কম্বল দিয়ে সহায়তা করছেন তিনি।
মাত্রাজির মনোযোগের কেন্দ্রে রয়েছেন লেবাননে কাজ করতে আসা প্রবাসী শ্রমিকেরা। ক্যামেরুন, কেনিয়া, বাংলাদেশ ও সিয়েরা লিওন থেকে যারা গৃহকর্মী হিসেবে দেশটিতে যান।
মাত্রাজি বিবিসিকে বলেন, ‘এই মানুষদের অনেকেই এখন গৃহহীন, কারণ তারা তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন।’
সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে জায়গা না পাওয়ায় বাস্তুচ্যুত ব্যক্তিরা এখন অন্যের বাড়িতে রাত কাটাচ্ছেন বলে জানান তিনি।
মাত্রাজি বলেন, ‘আজ আমি আমার গাড়িতে যতটুকু সম্ভব খাবার, শ্যাম্পু, সাবান এবং কম্বল বোঝাই করে প্রায় ৫০০ মানুষের কাছে পৌঁছে দেব। বর্তমান পরিস্থিতিতে সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। মানুষ সুযোগ নিচ্ছে।’
বৈরুতজুড়ে ঘুরে বেড়ানোর সময় এক ধরনের টিকে থাকার লড়াইয়ের মানসিকতা নিয়ে চলেন নূর মাত্রাজি।
তিনি বলেন, ‘বৈরুতে আমাদের কিছু রেড জোন বা বিপজ্জনক এলাকা চিহ্নিত করা আছে। আমরা সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। তবে যেকোনো জায়গায় যেকোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে।’
মাত্রাজি জানান, ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে যখন যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়, লেবাননের মানুষ তা মেনে চলেন।
তিনি বলেন, ‘আমাদের মাথার ওপরে যুদ্ধবিমান আর ড্রোন উড়ছে। তবুও আমরা ভয় পাই না।’