ইরান যুদ্ধে ‘চূড়ান্ত আঘাত’ হানার জন্য সামরিক পরিকল্পনা তৈরি করছে পেন্টাগন, যার মধ্যে স্থল অভিযান এবং ব্যাপক বোমাবর্ষণ অন্তর্ভুক্ত থাকতে পারে।
আনাদোলু এজেন্সির বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত আরও দুটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় কোনো অগ্রগতি না হলে একটি ‘নাটকীয় সামরিক উত্তেজনা’ বা বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ খারগ, লারাক, আবু মুসা ও অন্যান্য দ্বীপ দখল করা এবং হরমুজ প্রণালীর পূর্ব দিকে ইরানি তেলবাহী জাহাজগুলো অবরুদ্ধ করার মতো বিকল্পগুলো এখন মার্কিন নীতিনির্ধারকদের টেবিলে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েকজন মার্কিন কর্মকর্তা মনে করেন, যুদ্ধ শেষ করার জন্য ‘অপ্রতিরোধ্য শক্তির প্রদর্শন’ করা হলে আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক বেশি শক্তিশালী হবে।
আলোচনার প্রচেষ্টার সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক, পাকিস্তান ও মিসর। ইরান যুক্তরাষ্ট্রের প্রাথমিক দাবিগুলো প্রত্যাখ্যান করলেও এখনো আলোচনা থেকে পুরোপুরি সরে আসেনি।
তবে সামরিক পরিকল্পনার তথ্য সামনে এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সেগুলোর কোনোটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি বলে জানা গেছে।
হোয়াইট হাউসের কর্মকর্তারা সম্ভাব্য যেকোনো স্থল অভিযানকে আপাতত ‘অনুমাননির্ভর’ হিসেবে দেখছেন।