ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্তুতির খবর প্রকাশ্যে আসার পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
ভারতে ইরান দূতাবাস রোববার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে লিখেছে, ‘আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।’ সেই সঙ্গে তারা তেহরান টাইমসের একটি পাতার ছবি শেয়ার করেছে, যাতে বড় অক্ষরে লেখা—‘জাহান্নামে স্বাগতম।’
ওই পাতায় বলা হয়, ‘ইরানের মাটিতে পা রাখা মার্কিন সেনারা কেবল লাশ হয়েই ফিরে যাবে।’
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, গত শুক্রবার ইউএসএস ত্রিপোলি জাহাজে করে সাড়ে তিন হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা তাদের আওতাধীন এলাকায় পৌঁছেছে।
এরপরই ইরানের পক্ষ থেকে এই কড়া বার্তা এলো।
এদিকে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। তাদের পরিকল্পনায় বিশেষ বাহিনী এবং নিয়মিত পদাতিক বাহিনীর অতর্কিতে হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে।
এ ছাড়া মার্কিন সেনাবাহিনীর ৮২তম ছত্রীসেনা বিভাগের হাজার হাজার সদস্যকে উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করেছে পেন্টাগন।
তথ্যসূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস