ভারতের বেঙ্গালুরু থেকে বারাণসীগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে অবতরণের ঠিক আগে এক যাত্রীর অস্বাভাবিক আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই যাত্রী জরুরি নির্গমন দরজা খোলার চেষ্টা করেন। পরে তিনি দাবি করেন, তাকে ‘ভূতে ধরেছিল’।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বেঙ্গালুরু থেকে উড্ডয়ন করে ইন্ডিগোর ৬ই-১৮৫ ফ্লাইট। এই ফ্লাইটেই উত্তর প্রদেশের মউ জেলার বাসিন্দা মোহাম্মদ আদনান নামের এক যাত্রী এ কাণ্ড ঘটান।
উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর প্রথমবার জরুরি দরজার হাতল নাড়াচাড়া করেন আদনান। বিষয়টি টের পেলে কেবিন ক্রুরা তাকে সতর্ক করেন। তিনি তখন এটিকে ভুল হয়েছে বলে উল্লেখ করেন এবং আর এমন করবেন না বলে জানান।
রাত প্রায় ১০টা ২০ মিনিটে, বিমানটি যখন বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এবং মাটি থেকে প্রায় ৫০০ ফুট উচ্চতায় ছিল, তখন আবারও জরুরি দরজা খোলার চেষ্টা করেন তিনি।
পরিস্থিতি বুঝতে পেরে কেবিন ক্রুরা দ্রুত পাইলটকে জানান। পাইলট তাৎক্ষণিকভাবে অবতরণ প্রক্রিয়া স্থগিত করে গো-অ্যারাউন্ড করেন। পরে রাত ১০টা ৩৫ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।
ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিরাপদ অবতরণের জন্য কেবিন ক্রুদের ধন্যবাদ জানান তারা।
নিয়ম অনুযায়ী, অবতরণের পরই আদনানকে এয়ারলাইনসের নিরাপত্তাকর্মী ও সিআইএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশকে জানানো হলে তার বিরুদ্ধে মামলা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদনান জানান, কেন তিনি এমন আচরণ করেছেন, তা তিনি জানেন না। পরে তিনি দাবি করেন, তাকে ‘ভূতে ধরেছিল’। থানায় জিজ্ঞাসাবাদের সময় তিনি আরও জানান, তিনি বুঝতে পারেননি যে, যে হাতলটি তিনি টানছিলেন, সেটি জরুরি দরজার নিয়ন্ত্রণব্যবস্থা।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ও তারা বারাণসীর পথে রয়েছেন।
তথ্যসূত্র: এনডিটিভি