ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্পের ওই ভাষণে ইরানকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চুক্তিতে আসার সময়সীমা দেওয়া হয়; অন্যথায় কঠোর হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।
এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক বিবৃতিতে বলেন, ‘আমরা যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তির এই দুষ্টচক্র আর বরদাশত করব না।’
উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতকে কেবল ইরানের জন্য নয়, বরং পুরো অঞ্চল ও বিশ্বের জন্য ‘বিপর্যয়কর’ হিসেবেও অভিহিত করেন তিনি।
ইরানের এই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা যত দিন চলবে, ইরানও তত দিন প্রতিরোধ চালিয়ে যাবে।
তবে তিনি আবারও নিশ্চিত করেন, তেহরান তার উপসাগরীয় প্রতিবেশীদের শত্রু মনে করে না।
বিবৃতিতে বাগাই বলেন, ‘আমরা বারবার বলেছি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। সমস্যা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের ওপর সামরিক আগ্রাসন চালাতে ওই দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করছে।’
‘এটি ইরানি জনগণের ওপর চাপিয়ে দেওয়া এক অন্যায় যুদ্ধ। তাই শক্ত হাতে এই হামলা প্রতিহত করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই,’ যোগ করেন তিনি।
তথ্যসূত্র: আল জাজিরা