আল জাজিরার প্রতিবেদন
কোনো পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও যুক্তরাষ্ট্রে এটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে, ইরানের আকাশে একটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, তারা দুর্ঘটনাস্থলে একটি প্যারাস্যুট খুঁজে পেয়েছে। মধ্য ইরানের কোনো এক এলাকায় মার্কিন বোমা হামলার সময় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকায় বেশ কিছু হেলিকপ্টার এবং জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান দেখা গেছে; যা সাধারণত কোনো উদ্ধার অভিযান চলার ইঙ্গিত দেয়।
সবচেয়ে কৌতুহলোদ্দীপক বিষয় হলো, ইরান দাবি করছে, তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমেই বিমানটি ভূপাতিত করা হয়েছে।
অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এ ধরনের পাল্টা হামলা চালানোর ক্ষমতা তেহরানের নেই।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে গত ২৪ ঘণ্টায় ট্রাম্প যা দাবি করেছেন, পরিস্থিতি আসলে ততটা নাজুক নয়।
গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, ইরানের কাছে এখনও পর্যাপ্ত অস্ত্রশস্ত্র, উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন রয়েছে; যা তারা ব্যবহার করতে সক্ষম।
এই ঘটনা দুটি বিষয় স্পষ্ট করে—প্রথমত, যুদ্ধের এক মাস পেরিয়ে গেলেও মার্কিন বাহিনীর জন্য ইরান এখনও বড় হুমকি। দ্বিতীয়ত, যদিও পূর্ণাঙ্গ তথ্য পরে জানা যাবে, তবে এটি পরিষ্কার, তারা মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার সক্ষমতা রাখে।