ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া সময়সীমা নিয়ে আবারও কড়া অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য নির্ধারিত মঙ্গলবারের ডেডলাইনই চূড়ান্ত, এটি আর বাড়ানো হবে না।
এর আগে একাধিকবার সময়সীমা নির্ধারণ করেও তা পিছিয়েছিলেন ট্রাম্প। তবে এবার তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই ইরানকে সিদ্ধান্ত নিতে হবে।
এদিকে সংঘাত শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান যে প্রস্তাব দিয়েছে, সেটিকে ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করলেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘তারা একটি প্রস্তাব দিয়েছে, এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু যথেষ্ট ভালো নয়।’
ট্রাম্প আরও জানান, ইরান প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করলে খুব দ্রুতই যুদ্ধের অবসান সম্ভব। তার দাবি, উভয় পক্ষই ‘সৎভাবে’ আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে চূড়ান্ত সমাধানের জন্য ইরানকে আরও কিছু পদক্ষেপ নিতে হবে।