পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনার কোনো ফলাফল ছাড়াই সমাপ্তি ঘটার পর ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আর কোনো শান্তি আলোচনার পরিকল্পনা নেই।
রোববার (১২ এপ্রিল) সকালে ২১ ঘণ্টার দীর্ঘ দরকষাকষি শেষে ইসলামাবাদ ত্যাগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দল ‘চূড়ান্ত ও সেরা প্রস্তাব’ পেশ করার পর ফিরে যাচ্ছে, যা ইরান ‘গ্রহণ না করার সিদ্ধান্ত’ নিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, আলোচনাকালে সেখানে এক ধরনের সন্দেহের পরিবেশ বিরাজ করছিল। তবে তিনি এও বলেন, কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না।
দুই পক্ষের মধ্যে কিছু ক্ষেত্রে সমঝোতা হয়েছে বলে উল্লেখ করেন ইসমাইল বাগাই। পরবর্তী দফার আলোচনার সময়, স্থান বা কোনো কর্মসূচি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি বলেও জানান তিনি।
এদিকে এদিন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের আস্থা অর্জনে ‘ব্যর্থ হয়েছে’।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ