যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবারের পর আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রণক্ষেত্রে তাদের হাতে ‘নতুন তুরুপের তাস’ আছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ মঙ্গলবার (২১ এপ্রিল) এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
তেহরানের হয়ে ইসলামাবাদে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফ এসময় মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগও তোলেন।
তিনি বলেন, ‘ইরান হুমকির ছায়ায় থেকে কোনো সংলাপে অংশ নেবে না। কারণ সেটি হবে প্রকারান্তরে আত্মসমর্পণের টেবিল।’
এদিকে আগামীকাল বুধবারের সময়সীমার মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবারও বোমা হামলা শুরুর হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গালিবাফ যে ‘নতুন তুরুপের তাসের’ ইঙ্গিত দিয়েছেন, তা সম্ভবত ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের মাধ্যমে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়াকে বোঝানো হয়েছে।
এই প্রণালি বিশ্বজুড়ে জ্বালানি তেল রপ্তানির অন্যতম প্রধান পথ। এমনটি ঘটলে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে হরমুজ প্রণালির পর দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় না বসার জন্য গালিবাফের ওপর চাপ সৃষ্টি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দ্বিতীয় দফার আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন।