পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার (২৪ এপ্রিল) গভীর রাতে ইরানের একটি প্রতিনিধি দল পৌঁছাতে পারে। পাকিস্তানের একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ডন।
এদিন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে ফোনালাপের কয়েক ঘণ্টা পর এই খবর এল।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুই নেতা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এবং এ বিষয়ে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রেক্ষাপটে ইসলামাবাদের পক্ষ থেকে নেওয়া কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে মতবিনিময় করেন।
পোস্টে বলা হয়, ইসহাক দার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে ‘নিরবচ্ছিন্ন সংলাপ ও সম্পৃক্ততার’ ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পাকিস্তানের ‘ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারী ভূমিকার’ প্রশংসা করেন।
গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পাকিস্তান তাদের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।
তবে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই দ্বিতীয় দফার আলোচনা কিছুটা বিলম্বিত হচ্ছে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং এর বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বন্দরগুলো অবরোধের জেরে তৈরি হওয়া উত্তেজনা এই বিলম্বের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।