নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাইয় ধরা পড়া প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারের একটি ছোট টিউমারের সফল চিকিৎসা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত তার বার্ষিক মেডিক্যাল রিপোর্টে এ তথ্য জানানো হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নেতানিয়াহু জানান, চিকিৎসকেরা নিয়মিত চেকআপের সময় টিউমারটি শনাক্ত করে চিকিৎসা দেন, তবে সে সময় বিষয়টি প্রকাশ করা হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ‘ইসরায়েলের বিরুদ্ধে ভুয়া প্রচারণা’ এড়াতে তিনি রিপোর্ট প্রকাশ দুই মাস পেছানোর অনুরোধ করেছিলেন।
এর আগে ২০২৪ সালে তিনি বর্ধিত প্রোস্টেটের জন্য প্রাথমিক অস্ত্রোপচার করিয়েছিলেন। এরপর থেকে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। সর্বশেষ চেকআপেই টিউমারটি ধরা পড়ে। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের এই প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে। তবে চিকিৎসা ঠিক কবে সম্পন্ন হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
হাদাসা হাসপাতালের অনকোলজি বিভাগের পরিচালক জানান, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় চিকিৎসা সফল হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বলা যায়, রোগটি এখন আর নেই।
তথ্যসূত্র: আল জাজিরা