গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি।
ইরানের নতুন এই নেতার কোনো ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়নি। পরিবর্তে তার সব নির্দেশনা কেবল সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শেয়ার করা হচ্ছে অথবা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হচ্ছে।
ইরানি এক কর্মকর্তার বরাতে দ্য নিউইয়র্ক টাইমস বলছে, মোজতবা ‘সচেতনভাবেই’ এটি করছেন কারণ তিনি তার প্রথম জনসম্মুখে দেওয়া ভাষণে নিজেকে ‘অসহায় বা শারীরিকভাবে দুর্বল’ হিসেবে উপস্থাপন করতে চান না।
ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে নিরাপত্তা প্রোটোকল এখন নজিরবিহীন স্তরে পৌঁছেছে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও তার সঙ্গে দেখা করা থেকে বিরত থাকছেন। তাদের আশঙ্কা, কর্মকর্তাদের চলাফেরা অনুসরণ করে ইসরায়েল খামেনির অবস্থান শনাক্ত করতে পারে এবং গুপ্তহত্যার পরিকল্পনা করতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যাধুনিক ট্র্যাকিং ব্যবস্থা এড়াতে একটি সেকেলে কিন্তু নিরাপদ যোগাযোগব্যবস্থা বেছে নেওয়া হয়েছে। খামেনির জন্য পাঠানো বার্তাগুলো হাতে লিখে খামে সিলগালা করা হয় এবং বিশ্বস্ত বার্তাবাহকদের একটি চেইনের মাধ্যমে তা আদান-প্রদান করা হয়।
এই বার্তাবাহকেরা মোটরবাইক বা গাড়িতে করে মহাসড়ক ও গ্রামের পেছনের রাস্তা ব্যবহার করে সর্বোচ্চ নেতার গোপন আস্তানায় পৌঁছান। তার উত্তরগুলোও একই পদ্ধতিতে আসে।
দ্য নিউইয়র্ক টাইমসকে ওই কর্মকর্তা আরও জানান, হামলায় মোজতবা খামেনি ‘গুরুতর’ আহত হলেও তিনি মানসিকভাবে বেশ তীক্ষ্ণ ও সক্রিয় রয়েছেন। তবে হামলায় তার মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্লাস্টিক সার্জারি প্রয়োজন।
মোজতবার আঘাত বেশ বিস্তৃত। তার একটি পায়ে এরই মধ্যে তিনবার অস্ত্রোপচার হয়েছে। সেখানে একটি কৃত্রিম পা লাগানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। তার একটি আহত হাত ধীরে ধীরে সচল হচ্ছে। তবে মুখ ও ঠোঁটে গুরুতর আঘাতের ফলে তার পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ, সরাসরি সর্বোচ্চ নেতার চিকিৎসার তদারকি করছেন। খামেনি বর্তমানে তার আস্তানায় বেশিরভাগ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পরিবেষ্টিত থাকেন বলে জানান ওই কর্মকর্তা।