হরমুজ প্রণালি যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা। এই কৌশলগত জলপথে জাহাজ চলাচলে ইরানের চলমান বিধিনিষেধ এবং দেশটির বন্দরগুলোতে মার্কিন অবরোধের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা জানান।
ইরানের পার্লামেন্টের দ্বিতীয় ডেপুটি স্পিকার আলী নিকজাদ রোববার (২৬ এপ্রিল) আধা-সরকারি মেহর নিউজ এজেন্সিকে বলেন, ‘আমরা কোনোভাবেই হরমুজ প্রণালিকে তার আগের অবস্থায় ফিরিয়ে নেব না, কারণ এটি খোদ সর্বোচ্চ নেতার নির্দেশ।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এর পরিপ্রেক্ষিতে ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোতে পাল্টা নৌ-অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র, যা এশিয়াসহ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলছে।
সংঘাত অবসানের লক্ষ্যে ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরান আলোচনায় বসলেও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই আলোচনা শুরু হয়েছিল, যা পরবর্তীতে আরও বাড়ানো হয়। বর্তমানে দ্বিতীয় দফার আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।