ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এখন এক নতুন দিকে মোড় নিয়েছে। গতকালই ইরান যুদ্ধ দুই মাস পূরণ করেছে। এরইমধ্যে বিশ্বজুড়ে যখন আলোচনা চলছে যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি কতটা কার্যকর, ঠিক তখনই ইরানের সংসদীয় কমিটির প্রভাবশালী মুখপাত্র আবুলফজল আমুয়ি এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, আমুয়ি দাবি করেছেন যে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যে সব হামলা চালিয়েছে, তা ছিল তাদের সামরিক শক্তির এক ক্ষুদ্র ঝলক মাত্র। তাদের হাতে এমন সব উন্নত প্রযুক্তি ও অপ্রকাশিত ক্ষেপণাস্ত্র রয়েছে, যা যুদ্ধের ময়দানে এখনো নামানো হয়নি।
ইরানি এই এমপি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি ইসরায়েল আবারও কোনো ভুল করে বা পাল্টা হামলা চালানোর চেষ্টা চালায়, তবে তেহরান এমন অস্ত্র ব্যবহার করবে যা এর আগে কখনোই দেখা যায়নি। তার এই মন্তব্য বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে, ইরানের অস্ত্রাগারে এমন সব আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লুকিয়ে রাখা হয়েছে যা বর্তমানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম।
ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই। আমুয়ি সরাসরি বলেছেন, ‘আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং আমাদের হাতে এমন সব তুরুপের তাস আছে যা দিয়ে আমরা সেকেন্ডের মধ্যে সমীকরণ বদলে দিতে পারি।’ মূলত গত কয়েক বছরে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যে বিশাল বিনিয়োগ করেছে, সেটির সক্ষমতা নিয়ে তারা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা দাবি করছে, তাদের ভান্ডারে থাকা হাজার হাজার ক্ষেপণাস্ত্রের খুব সামান্য অংশই এখন পর্যন্ত জনসমক্ষে আনা হয়েছে। আর যুদ্ধেও খরচ হয়েছে যৎকিঞ্চিত।
তেহরানের এই বার্তার মূল উদ্দেশ্য হলো ইসরায়েল এবং তার মিত্রদের কাছে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। তারা বিশ্বকে এই বার্তাই দিতে চাইছে যে, বর্তমান উত্তেজনা যদি বড় কোনো যুদ্ধে রূপ নেয়, তবে ইরান তার গোপন ভান্ডার উন্মুক্ত করে দেবে, যা মোকাবিলা করা যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অসম্ভব হয়ে পড়তে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান এখন আসল খেলা শুরু হওয়ার অপেক্ষায় আছে। মার্কিন প্রেসিডেন্ট যখন ইরানের বিরুদ্ধে অস্ত্র হাতে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন এরকম পাল্টা হুঁশিয়ারির একটি তাৎপর্য রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আলজাজিরা