পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় কলকাতার ব্যস্ততম নিউমার্কেট এলাকায় বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, নিউমার্কেট এলাকায় এদিন সন্ধ্যায় একটি বুলডোজার নিয়ে আসা একদল ব্যক্তি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক ব্যবসায়ী সময়ের আগেই দোকানপাট বন্ধ করে দিতে বাধ্য হন।
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ‘নির্লজ্জ গুন্ডামি’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে।
দলটির দাবি, বিজেপির ‘পরিবর্তন' এসে গেছে। আর তা এসেছে বুলডোজার সমেত। বিজেপির একদল সমর্থক নিউমার্কেট এলাকায় তাণ্ডব চালিয়েছে, দোকানপাট ধ্বংস করেছে এবং তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে তৃণমূল যেখানে দেখা যাচ্ছে, বিজেপির পতাকা হাতে একদল মানুষ উল্লাস করছে এবং বুলডোজার দিয়ে একটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করেন, মাংসের দোকানগুলো গুঁড়িয়ে দেওয়ার জন্যই বুলডোজারটি আনা হয়েছিল।
তিনি বলেন, ‘সেন্ট্রাল কলকাতার নিউমার্কেটের কাছে পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। বিজয় উৎসবের অংশ হিসেবে মাংসের দোকান উচ্ছেদ করতে বুলডোজার আনা হয়েছিল এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে ছিল।’
এই ঘটনার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, দলের নামে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না।