রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অস্থিরতার গুঞ্জন নতুন কিছু নয়, তবে এবার অনুশীলন মাঠের একটি ঘটনার খবর ঘিরে উত্তেজনা তুঙ্গে। সতীর্থ আন্তোনিও রুডিগারের সঙ্গে তরুণ ডিফেন্ডার আলভারো কারেরাসের হাতাহাতির অভিযোগ সামনে আসার পর রিয়াল শিবিরে শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে।
তবে সেই গুঞ্জনের জবাব দিয়েছেন কারেরাস নিজেই। মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বিষয়টি পরিষ্কার করেন। সেখানে তিনি বলেন, ‘সম্প্রতি আমাকে নিয়ে যেসব মন্তব্য বা ইঙ্গিত করা হয়েছে, তা বাস্তবের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’ তিনি আরও যোগ করেন, ‘প্রথম দিন থেকেই ক্লাবের প্রতি আমার অঙ্গীকার পূর্ণ ছিল, ভবিষ্যতেও থাকবে। সর্বোচ্চ পেশাদারত্ব ও সম্মান বজায় রেখেই আমি কাজ করে যাচ্ছি।’
ঘটনার বিষয়ে গুঞ্জন ছিল, অনুশীলনের সময় রুডিগার নাকি কারেরাসকে থাপ্পড় মেরেছিলেন। যদিও কারেরাস সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, তিনি স্বীকার করেছেন সতীর্থের সঙ্গে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তবে তার ভাষায়, ‘সতীর্থের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি একটি বিচ্ছিন্ন বিষয় যার কোনো প্রাসঙ্গিকতা নেই, এটি ইতোমধ্যে সমাধান হয়ে গেছে। পুরো দলের সঙ্গেই আমার সম্পর্ক অত্যন্ত চমৎকার।’
শুধু এই ঘটনা নয়, রিয়াল মাদ্রিদের ভেতরের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠছে। কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে মিডফিল্ডার দানি সেবালোসের মধ্যে কথিত উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরও সামনে এসেছে। একই সঙ্গে অনুশীলনের সময় কিলিয়ান এমবাপেকে একাধিকবার হতাশ ও ক্ষুব্ধ অবস্থায় দেখা গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে।
চলতি মৌসুমে ট্রফিহীন থাকার আশঙ্কা এবং সাম্প্রতিক বাজে ফর্ম মিলিয়ে রিয়ালের ড্রেসিংরুমে চাপ ও অস্থিরতা বাড়ছে বলেই মনে করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই সামনে বড় পরীক্ষা, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল-ক্লাসিকো। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় এবং লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ার পর এই ম্যাচে জয়ের বিকল্প নেই রিয়ালের সামনে। আগামী রবিবার ক্যাম্প ন্যুতে মাঠে গড়াবে ইউরোপীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই লড়াই।