পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তার সহযোগী চন্দ্রনাথ রথকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে তার বাড়ির কাছে গুলি করে হত্যার কারণ হলো, তিনি বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) নিহত চন্দ্রনাথের পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দাবি করেন শুভেন্দু।
তিনি বলেন, ‘চন্দ্রনাথ আমার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আমি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি বলেই তাকে খুন করা হয়েছে। এটাই এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে।’
বিজেপির এই নেতা বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের যত নিন্দাই জানানো হোক না কেন, তা যথেষ্ট নয়। আমি পরিবারের দাবির পাশে আছি। যারা এই খুন করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ময়নাতদন্তে দেখা গেছে, চারটি গুলি চালানো হয়েছিল। এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।’
এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও চিত্রে দেখা গেছে, চন্দ্রনাথ যে গাড়িতে ছিলেন, তার সামনের বাঁ দিকের জানালার কাচ গুলির আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। হামলার সময় তার গাড়িচালক বুদ্ধদেব আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হামলার সময় চন্দ্রনাথের সঙ্গে ছিলেন না শুভেন্দু।
এই হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
এদিকে চন্দ্রনাথ হত্যার নিন্দা জানিয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতার জন্য ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীদের’ দায়ী করেছে তৃণমূল কংগ্রেস।
বিজেপিতে যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ শুভেন্দু এবার বিধানসভা নির্বাচনে মমতার শক্ত ঘাঁটি ভবানীপুরে তাকে ১৫ হাজার ১০৬ ভোটে পরাজিত করেন।
এর আগের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে মমতাকে ১ হাজার ৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু।