পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর শুরুতে পদত্যাগে অস্বীকৃতি জানালেও অবশেষে নীরবে নিজের ১৫ বছরের শাসনের সমাপ্তি স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টাইমস অব ইন্ডিয়া বলছে, পশ্চিমবঙ্গের সদ্যবিদায়ী এই মুখ্যমন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলের বায়োতে এখন তার পরিচয় দেওয়া হয়েছে, ‘প্রতিষ্ঠাতা সভানেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভা)।’
এর আগে সেখানে লেখা ছিল, ‘প্রতিষ্ঠাতা সভানেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ।’
রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়ের মুখে পদত্যাগ না করার মমতার অনড় সিদ্ধান্তের এক সপ্তাহের মধ্যে এই পরিবর্তন সামনে এলো।
এর আগে মমতা বলেছিলেন, ‘আমি পদত্যাগ করব না। তারা চাইলে আমাকে বরখাস্ত করতে পারে।’
একই সঙ্গে তিনি নতুন বিধানসভার প্রথম অধিবেশনের সময় দলীয় কর্মীদের ‘কালো দিবস' পালনের আহ্বান জানান।
এদিকে শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী।
কলকাতায় এক জমকালো অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি তাকে শপথ পড়ান, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতারা।