৭ মে-এর নির্বাচনে ভরাডুবির পর নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে মরিয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের ভেতরে ও বাইরে ওঠা সমালোচনার মুখে তিনি অঙ্গীকার করেছেন, যারা তার নেতৃত্ব নিয়ে ‘সন্দেহ’ পোষণ করছেন, তিনি তাদের ভুল প্রমাণ করবেন।
তার সরকার কিছু ভুল করেছে স্বীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘অবশ্যই, অন্য সব সরকারের মতো আমরাও ভুল করেছি। তবে আমরা বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পেরেছি। আমি বলতে চাচ্ছি, আমরা যদি অন্য দলগুলোর পরামর্শ শুনতাম, তবে এই মুহূর্তে আমরা ইরানের সঙ্গে একটি অচলাবস্থায় আটকে থাকতাম ও এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়তাম যা আমাদের স্বার্থে নেই আর আমি কখনোই তা হতে দেব না।’
নির্বাচনী ফলাফল প্রসঙ্গে স্টারমার জানান, ‘লেবার পার্টির এই হার বেশ বেদনাদায়ক। এটি আমাকে কষ্ট দিয়েছে। আমি মানুষের আবেগ বুঝতে পারছি ও নিজেও তা অনুভব করছি।
নির্বাচনী বিপর্যয়ের পর লেবার পার্টির ভেতর থেকেই এখন নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠছে। অন্যদিকে, সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সরাসরি স্টারমারকে জানিয়েছেন যে, বর্তমান কর্মপন্থা মোটেও কাজে দিচ্ছে না। দলের পরিস্থিতি সামাল দিতে তিনি অ্যান্ডি বার্নামকে পুনরায় পার্লামেন্টে ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন।
দলের কোনো সংসদ সদস্য যদি তার নেতৃত্বের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ বা চ্যালেঞ্জ ছুড়ে দেন, তবে কি তিনি লড়াই করবেন? এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি মাঠ ছেড়ে যাব না।’
৭ মে নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর থেকে প্রধানমন্ত্রী বারবার এই একই অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন। এর আগে, গত সপ্তাহে লেবার এমপি ক্যাথরিন ওয়েস্ট তার দলের মন্ত্রিসভাকে এক চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মন্ত্রিসভার কেউ যদি স্টারমারকে চ্যালেঞ্জ না করেন, তবে তিনি নিজেই প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন।
নিজের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্টারমার আরও বলেন, ‘ব্রিটেন একটি যৌক্তিক, সহনশীল ও মার্জিত দেশ এবং এই ব্রিটেনের জন্যই আমি লড়াই চালিয়ে যাব।’