ভারতের মধ্যপ্রদেশের রতলামে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কোচে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার (১৭ মে) সকাল প্রায় ৫টা ১৫ মিনিটে ট্রেনটির বি-১ কোচে আগুন লাগে। ওই কোচে ৬৮ জন যাত্রী ছিলেন। রেল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিক্রমগড় আলোট ও লুনি রিছা স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিরাপত্তার স্বার্থে আগুন লাগা কোচটি দ্রুত ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হয়।
রেল কর্তৃপক্ষ জানায়, সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন কোচ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আগুনের তাপ ও স্ফুলিঙ্গের কারণে রেললাইনের পাশের কিছু গাছেও আগুন ছড়িয়ে পড়ে।
দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস শুক্রবার কেরালার থিরুভানাথাপুরাম থেকে যাত্রা শুরু করে। রোববার দুপুর সাড়ে ১২টায় দিল্লির হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার সময় ট্রেনটি প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিল ও দিল্লি থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ছিল।
এদিকে শুক্রবারই ভারতের হায়দ্রাবাদে হায়দরাবাদ-জয়পুর বিশেষ ট্রেনের একটি খালি কোচেও আগুন লাগার ঘটনা ঘটে। তবে ওই সময় কোচে কোনো যাত্রী ছিলেন না এবং হতাহতের ঘটনাও ঘটেনি।
রেল কর্তৃপক্ষ জানায়, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত কোচটি আলাদা করে ফেলা হয়।
তথ্যসূত্র: এনডিটিভি