গবাদি পশুবোঝাই একটি গাড়ি আটকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রেখা পাত্র জানিয়েছেন, জবাই করার মতো উপযুক্ত বয়স হয়েছে কি না, তা প্রমাণ করতে এখন থেকে গবাদি পশুর ‘জন্ম সনদ’ দেখাতে হবে।
তার এই বক্তব্যকে ঘিরে এরই মধ্যে টিপ্পনী কেটেছে ১৫ বছর পর রাজ্যের ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেস।
এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৬ মে) পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের নির্বাচনী এলাকা হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকা দিয়ে যাওয়ার সময় গবাদি পশুবোঝাই ওই গাড়ি আটক করা হয়।
গাড়িটি আটকানোর পর তিনি পশুগুলোকে নামিয়ে রাস্তার ধারের একটি গাছের সঙ্গে বাঁধেন এবং তাদের জন্য খড় ও পানির ব্যবস্থা করেন।
রেখা পাত্র জানান, অবৈধ পশু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ১৪ বছরের কম বয়সী গবাদি পশু জবাই করা যাবে না।
বিজেপির এই বিধায়ক বলেন, ‘আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী গরু জবাইয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে। যদি কাউকে অবৈধভাবে গরু পাচার বা পরিবহন করতে দেখা যায়, তাহলে আমাদের তাদের ধরতে হবে এবং গরুর জন্ম সনদ দেখাতে বলতে হবে। কেউ সনদ দেখাতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, বিজেপিশাসিত অন্য কোনো রাজ্যে কি গরুর জন্ম সনদ দেওয়া হয়? বিধায়ক কি তেমন কোনো প্রমাণ দেখাতে পারবেন?
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘আমরা মাননীয় বিধায়কের কাছে অনুরোধ করছি, যেকোনো রাজ্য থেকে গরুর জন্য জারি করা এমন একটি জন্ম সনদ এনে দেখান। এটি আমাদের রেফারেন্সের জন্য সুবিধাজনক হবে।
‘বিজেপি যদি গরুর এমন কোনো জন্ম সনদ দেখাতে পারে, তাহলে আমাদের খতিয়ে দেখতে হবে, এই সনদগুলোর অনুমোদন কে দিয়েছে।’