দুর্নীতির অভিযোগে হওয়া মামলায় আত্মপক্ষ সমর্থন করতে তেল আবিবের জেলা আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বিচার প্রক্রিয়ায় এটি তার ৮৮তম হাজিরা।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ মঙ্গলবার (১৯ মে) জানিয়েছে, নেতানিয়াহুর ‘নিরাপত্তা ও রাজনৈতিক ব্যস্ততার’ কারণে বিচারকেরা শুনানির সময় সংক্ষিপ্ত করার আবেদন মঞ্জুর করেন।
তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে আল জাজিরা।
২০১৯ সালের নভেম্বরের অভিযোগপত্র অনুযায়ী, পৃথক তিনটি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ নেওয়া এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে।
২০২০ সালে বিচার শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহু আদালতে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। বরং অভিযোগকে তিনি ‘তাকে ক্ষমতা থেকে উৎখাত করার উদ্দেশ্যে পরিচালিত একটি রাজনৈতিক প্রচারণা’ হিসেবে অভিহিত করেছেন।
ইসরায়েলি আইন অনুযায়ী, কোনো অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার না করলে দেশটির প্রেসিডেন্ট তাকে ক্ষমা করতে পারেন না।
দেশে দায়ের হওয়া দুর্নীতি মামলা ছাড়াও ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) ওয়ান্টেড আসামি হিসেবে রয়েছেন নেতানিয়াহু।
গাজায় ইসরায়েলের চালানো আগ্রাসনে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে।